বাসার চাবি নিয়ে কথা কাটাকাটির জেরে ৭৫ বছরের বৃদ্ধা খুন

ভাড়াটিয়া যুবক গ্রেপ্তার

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:০০ পূর্বাহ্ণ

বাসার চারি নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে সামান্য কথা কাটাকাটির জেরে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি নিজ বাসায় খুন হন নূর নাহার (৭৫) নামের এক বৃদ্ধা। গত বুধবার সন্ধ্যা ৭টায় পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার সরকারি পুকুরপাড় সংলগ্ন নিজ বাসার শয়নকক্ষ থেকে নিহত বৃদ্ধা নূর নাহারের লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশের তাৎক্ষণিক অভিযানে গত বুধবার রাতে খুনি রিফাত (২১) কে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ পূর্ব মাদারবাড়ি এলাকার সরকারি পুকুরপাড় সংলগ্ন নিজ বাসা থেকে নিহত বৃদ্ধা নূর নাহারের লাশটি উদ্ধার করে। তাঁর মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নূর নাহার বাসায় দিনের বেলায় একাই থাকতেন। তার এক ছেলে প্রায় ৪৫ দিন আগে ব্লাড ক্যান্সারে মারা গেছেন।

আরেক ছেলে চাকরি করেন। তিনি সকাল সাতটার দিকে কর্মস্থলে চলে যান, সন্ধ্যায় বাসায় ফিরেন। বুধবার সকালে চাকরিতে যাওয়ার সময় ছেলের সঙ্গে তার কথা হয়েছিল বলে পুলিশকে জানানো হয়েছে। তার এক মেয়ের শ্বশুরবাড়ি ঢাকায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন,

বাসার চাবি নিয়ে ভাড়াটিয়া রিফাত নামে এক যুবকের সঙ্গে বৃদ্ধা নূর নাহারের সামান্য কথা কাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর আমরা অভিযান চালিয়ে ভাড়াটিয়া রিফাত নামের ওই যুবককে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে সে খুনের বিষয়টি স্বীকার করেছে। তার সাথে নাকি বাসার চাবি নিয়ে বৃদ্ধা নূর নাহারের সামান্য কথা কাটাকাটি হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। ওসি জানান, তার মুখে আঘাতের চিহ্ন ছিল। তার বাসার পেছনের লোহার দরজাটি খোলা ছিল। ওই দরজা দিয়ে মূলত বাসার ভাড়াটিয়ারা যাতায়াত করতেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখে আমরা বাসার ভাড়াটিয়া রিফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছি।

গ্রেপ্তার রিফাতের বাড়ি লক্ষীপুর। সে পরিবারের সাথে থাকে না। বৃদ্ধা নূর নাহারের বাসায় ভাড়ায় থাকে। এই ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযথেচ্ছ চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন বিধিমালা জারি
পরবর্তী নিবন্ধবায়েজিদে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু