বালু তুলতে বসানো ১২০০ ফুট পাইপ, ৯ শ্যালো মেশিন ধ্বংস

মীরসরাইয়ের ফেনী নদীর তীরে

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ফেনী নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয়।

গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের পৃথক অভিযান চালান। উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১ হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয়। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
পরবর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়িতে মাদকবিরোধী জনসচেতনামূলক প্রচারণা