কর্ণফুলীতে বালিশের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার ৯০০টি ইয়াবাসহ মোরশেদ চৌধুরী সাকিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোরশেদ কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের সাহাবুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, চেকপোস্টে বাসটিতে তল্লাশির সময় এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তার বালিশে তল্লাশি চালানো হয়। এ সময় বালিশের ভেতর লুকানো ১ হাজার ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরশেদ জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিলেন তিনি। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মোরশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।












