বান্দরবানে চাঁদা দাবির মামলায় জেএসএস কর্মী গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় রবিন চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি ও পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রের ভাষ্য, রবিন চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র শাখার সদস্য এবং সংগঠনটির ‘চাঁদা কালেক্টর’ হিসেবে পরিচিত। গতকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, পাহাড়ে সশস্ত্র সংগঠনের নামে স্থানীয় ব্যবসায়ী ও সরকারি উন্নয়নকাজের ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘদিন ধরে রবিন চাকমার অবস্থান শনাক্তে নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত সোমবার তাকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২১ জুলাই থানচি থানায় দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৩৮৫ ও ৩৪ ধারায় রবিন চাকমাকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলায় তার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিন চাকমার বিরুদ্ধে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের একটি মামলা রয়েছে। যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারকে প্রাণবন্ত ও বহুমুখী করতে দ্রুত কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার তাগিদ
পরবর্তী নিবন্ধ৮০ বর্গফুটের চেম্বারের দাম ৩৬ লাখ টাকা