৮০ বর্গফুটের চেম্বারের দাম ৩৬ লাখ টাকা

চট্টগ্রাম বারে চেম্বার সংকট

হাবীবুর রহমান | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবীদের বসার স্থান বা চেম্বার সংকট চরম রূপ ধারণ করেছে। ক্রমবর্ধমান সদস্য সংখ্যার বিপরীতে অবকাঠামোগত সুযোগসুবিধা না বাড়ায় চেম্বার মূল্য সাধারণ আইনজীবীদের সম্পূর্ণ নাগালের বাইরে চলে গেছে। যার সর্বশেষ উদাহরণ হচ্ছেগত সোমবার মাত্র ৮০ বর্গফুটের একটি ছোট্ট চেম্বার অবিশ্বাস্যভাবে ৩৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। প্রতি বর্গফুটের হিসাব করলে যার মূল্য দাঁড়ায় প্রায় ৪৫ হাজার টাকা। পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে ও এক রকম পরিস্থিতির শিকার হয়ে শেষ পর্যন্ত একজন আইনজীবী বাধ্য হয়েই এই চড়া মূল্যে চেম্বারটি কিনে নিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, আদালত পাড়ায় বর্তমানে একটি চেম্বার পাওয়া যেন ‘সোনার হরিণ’ পাওয়ার শামিল হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীদের সূত্রে জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম এই সমিতির বর্তমানে প্রায় ১০ হাজার নিবন্ধিত সদস্য রয়েছে। এর বাইরে সম্প্রতি আরও সহস্রাধিক নতুন আইনজীবী নতুন করে যুক্ত হয়েছেন। অথচ এই বিশাল পরিমাণ সদস্যের বিপরীতে আদালত এলাকায় বসার বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মতো নির্দিষ্ট কোন চেম্বার অনেকেরই নেই। বসার সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় জুনিয়র ও সাধারণ আইনজীবীদের পেশাগত জীবন চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে কাটছে। আর এই সুযোগেই আদালত এলাকায় বাণিজ্যিক চেম্বারের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।

আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার সংকট লাঘবে প্রয়োজন নতুন অবকাঠামো গড়ে তোলা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি জানায়, চলতি বছরের ২২ এপ্রিল সমিতির পক্ষ থেকে এই প্রকট সংকট লাঘবে কোর্টহিলের তথা কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা মৌজার ১ নং বিএস খাস খতিয়ান ও ৩৫০১ নং দাগভুক্ত ২০ শতাংশ জমি প্রতীকী মূল্যে বরাদ্দ চেয়ে ভূমি প্রতিমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছিল। জেলা প্রশাসনের ট্রেজারি ভবনের পশ্চিম পাশের ‘শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীফ মিলনায়তন’ সংলগ্ন ওই জায়গায় একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা বলা হয় চিঠিতে।

সমিতির নেতারা আশা করছেন, প্রস্তাবিত ওই জায়গায় দ্রুত একটি বহুতল ভবন নির্মিত হলে হাজার হাজার আইনজীবীর দীর্ঘদিনের চেম্বার সংকট কিছুটা হলেও লাঘব হবে। তবে জমি বরাদ্দ ও নতুন ভবন নির্মাণের দীর্ঘমেয়াদী এই প্রক্রিয়া বাস্তবায়িত হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আদালত পাড়ায় আইনজীবীদের এই বসার সংগ্রাম আরও প্রকট হচ্ছে। আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ আইনজীবীদের পক্ষে যেখানে বাণিজ্যিক মূল্যে চেম্বার কেনা বা ভাড়া নেওয়া অসম্ভব হয়ে পড়েছে, সেখানে ৮০ বর্গফুটের একটি চেম্বার ৩৬ লাখ টাকায় বিক্রির ঘটনাটি পুরো আইন অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দ্রুত সরকারি উদ্যোগে প্রতীকী মূল্যে জমি বরাদ্দ নিশ্চিতকরণ এবং নতুন বহুতল ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু না হলে আদালত পাড়ায় পেশাগত পরিবেশ বজায় রাখা আরও দুরূহ হয়ে পড়বে জানান আইনজীবীরা।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন দৈনিক আজাদীকে বলেন, আদালত পাড়ায় আইনজীবীদের চেম্বার সংকটটি দীর্ঘদিনের। দিন দিন আইনজীবীর সংখ্যা বাড়ছে। আমাদের এখন ৪ টি ভবনে গাদাগাদি করে বসতে হচ্ছে। অনেকের বসার জন্য নির্দিষ্ট কোন চেম্বার নেই। এসব কারণে আমরা প্রতীকী মূল্যে কোর্টহিলের একটি জমি বরাদ্দ চেয়ে ভূমি প্রতিমন্ত্রী বরাবর চিঠি দিয়েছিলাম। তিনি জেলা প্রশাসনকে এ বিষয়ে রিপোর্ট দিতে বলেছিলেন। তবে আড়াই মাসেও ওই রিপোর্ট দাখিল হয়নি। তিনি বলেন, সম্প্রতি ভূমিমন্ত্রী সমিতির অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে রাখা বক্তব্যে আইনজীবীদের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় রাখবেন বলে আশ্বস্ত করেছিলেন মন্ত্রী। মোহাম্মদ মঈনুদ্দীন জানান, প্রস্তাবিত জায়গায় ভবন নির্মাণের অনুমোদন পাওয়া গেলে আদালত পাড়ায় যানজটও নিরসন হবে। আমরা দুটি ফ্লোরকে পার্কিং হিসেবে রাখব। যেখানে সর্বস্তরের মানুষ গাড়ি পার্কিং করতে পারবে। পাশাপাশি আমরা সেখানে ১০ শয্যা বিশিষ্ট একটি মেডিকেল সেবার ব্যবস্থাও করবযেখানে সকলেই বিনামূল্যে সেবা নিতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে চাঁদা দাবির মামলায় জেএসএস কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআমরা তাকে ধরে আনতে চাই, হাসিনাকে নিয়ে তথ্য উপদেষ্টা