বাদ পড়া শিশুদের দেশব্যাপী দ্বিতীয় দফায় হামের টিকাদান কর্মসূচি চলছে। চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্তারা বলছেন, দ্বিতীয় দফায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হয়েছে। এরপরেও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগরী ও উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি বাদ পড়া শিশুদের টিকা দেওয়া হবে। এর আগে চলতি ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম দফায় টিকাদান কর্মসূচি চলে। সেই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে বলে জানায় স্বাস্থ্যবিভাগ। শিশুরা টিকার আওতায় এলেও হামের উপসর্গ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালে ভর্তি হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, বর্তমানে নগরীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৭৮ জন রোগী ভর্তি আছে। এছাড়া গতকাল হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশু মারা গেছে। এ নিয়ে ৬৭ জন হামের উপসর্গে মারা গেছে। অন্যদিকে এখন পর্যন্ত ১২ হাজার ৮২৫ জন শিশু হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছে ১২ হাজার ৫৪৭ জন। হামে আক্রান্ত হয়েছে ৮৩৭ জন। এছাড়া নিশ্চিত হামের মারা গেছে ৩ জন।
তবে চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষা তেমন হয়নি। ফলে অনেক রোগীর হামের সবগুলো উপসর্গ নিয়ে মারা গেলেও সেগুলো হিসাবে আসেনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হাম ব্লকে উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ রয়েছে। এছাড়া অনেক হামের রোগীকে বেড স্বল্পতার কারণে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে দেখা যায়, সাধারণ শিশুদের মধ্যে হাম ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এ রকম অনেক শিশু পাওয়া যাচ্ছে, যারা হাসপাতালে অন্য রোগের জন্য ভর্তি হয়ে সুস্থ হওয়ার পর আবার হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। তাই হামের জন্য আলাদা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা দেয়া গেলে অন্য সাধারণ রোগীরা নিরাপদ থাকতো।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান দৈনিক আজাদীকে বলেন, হামের রোগ নিয়ন্ত্রণে সরকার দ্বিতীয় দফায় টিকা দিচ্ছে। প্রথমে অক্টোবর পর্যন্ত সময়সীমা থাকলেও পরে সেটি নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা খুঁজে খুঁজে বাদপড়া শিশুদের হামের টিকা দিচ্ছি। ইতোমধ্যে আমরা লক্ষ্যমাত্রা পূরণ করেছি। এরপরেও আমরা টিকাদান অব্যাহত রেখেছি।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, হামের পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। এখনো হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে। তবে আমাদের দিক থেকে আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছি।
এদিকে সম্প্রতি চট্টগ্রাম থেকে হামে আক্রান্তদের এক গবেষণায় বলা হয়েছে, আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ছিল ৯ মাসের কম। সাধারণত ৯ মাস বয়সে হামের প্রথম টিকা দেওয়া হয়। অর্থাৎ আক্রান্ত শিশুদের একটি বড় অংশ টিকা নেওয়ার নির্ধারিত বয়সে পৌঁছানোর আগেই সংক্রমিত হয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ২ মাস থেকে ১১ বছর পর্যন্ত বিস্তৃত ছিল। গবেষণায় অংশ নেওয়া শিশুদের ৭৫ দশমিক ৫ শতাংশ গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার এবং ৬৪ দশমিক ৮ শতাংশ নিম্ন আর্থ–সামাজিক অবস্থার পরিবারের। আক্রান্ত শিশুদের মধ্যে ৩১ শতাংশ তীব্র বা একিউট পুষ্টিহীনতায় ভুগছিল। টিকা না নেওয়ার কারণ বিশ্লেষণে দেখা যায়, টিকাবিহীন শিশুদের মধ্যে ৫২ শতাংশের ক্ষেত্রে সচেতনতার অভাব বা টিকার তারিখ ভুলে যাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩০ শতাংশ শিশু অসুস্থ থাকার কারণে, ৮ শতাংশ মায়ের অসুস্থতার কারণে, ৪ শতাংশ টিকার ভয় এবং ৪ শতাংশ টিকা কার্ড হারিয়ে ফেলায় টিকা নেয়নি।











