বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জুন, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় আলোচিত চার বছরের শিশু ধর্ষণের মামলায় তদন্তকারী কর্মকর্তাসহ আরো ৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। গতকাল চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা তাদের সাক্ষ্য রেকর্ড করেন। এরমাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদউল আলম চৌধুরী (মারুফ)। তিনি জানিয়েছেন, চার্জশিটভুক্ত সাক্ষী মোট ২২ জন। এরমধ্যে আজকের (গতকাল) তিনজনসহ এ নিয়ে মোট ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এতে বাদী, ভিকটিম, ভিকটিমের মা, নানা, নানী, খালা, তদন্ত কর্মকর্তা, মেডিকেল সার্টিফিকেট রিপোর্ট প্রদানকারী ডাক্তার ও সংশ্লিষ্ট একটি কলোনির কেয়ারটেকারও রয়েছেন। অবশিষ্ট সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের প্রয়োজন নেই। যার কারণে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীকাল (আজ) আসামিকে ৩৪২ ধারায় পরীক্ষা করার জন্য দিন ধার্য্য রয়েছে। এরপর যুক্তিতর্ক শেষ করে মামলাটির রায়ের দিকে চলে যাবে বলেও জানান পিপি। এর আগে গত সোমবার একই আদালত চার বছরের উক্ত শিশু ধর্ষণের মামলায় পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণ করেছিলেন। চার্জশিট দাখিল করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাকলিয়া থানার উপুপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ। পরদিন তথা গত মঙ্গলবার চার্জগঠনের মাধ্যমে মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিচার শুরুর আদেশ হয়। গত ২১ মে নগরীর বাকলিয়া থানাধীন চেয়ারম্যানঘাটা এলাকায় চার বছরের শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে। সেদিন বিকালে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত মনির হোসেনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধসাগরিকায় অবৈধ ২০০ স্থায়ী ও ভাসমান দোকান উচ্ছেদ