বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২১ নভেম্বর, ২০২৬ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষনা করেছে। পায়ের পেশির চোট থেকে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে দল থেকে ছেড়ে দেওয়ার পর বাঁহাতি এই স্পিনারকে ৫০ ওভারের দলের অধিনায়ক করা হয়েছে। দ্বিতীয় টেস্টে খেলবেন না মহারাজ। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে থাকছেন সাইমন হারমার। এদিকে, বাঁহাতি স্পিন অলরাউন্ডার সেনুরান মুথুস্বামীকে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকা হয়েছে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। ওয়ানডে সিরিজে টেস্ট দলের নিয়মিত বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলমান টেস্ট দলের মাত্র তিনজন– অ্যানরিক নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। বাভুমার পাশাপাশি মার্করাম, ম্যাথিউ ব্রিটজকে, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের মতো সাদা বলের ক্রিকেটের প্রতিষ্ঠিত কয়েকজন খেলোয়াড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। নেপাল প্রিমিয়ার লিগে খেলার কারণে ডেভিড মিলারকেও ওয়ানডে ও টি–টোয়েন্টি দুই দল থেকেই বাদ রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার জন্য বড় স্বস্তির খবর, পেসার লুঙ্গি এনগিডির দলে ফেরা।

বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার দল

ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান–দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি–টোয়েন্টি দল : বিয়র্ন ফোর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কোয়েনা মাফাকা, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান–দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

পূর্ববর্তী নিবন্ধকে ডি প্রভাতী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন : মুক্তিযোদ্ধার শুভসূচনা
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান