বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের

| শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:২৯ পূর্বাহ্ণ

দেড় যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসেই ভক্তদের জন্য সেই সুখবর দিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুখবরটি শেয়ার করেন উপমহাদেশের এই জনপ্রিয় গায়ক। এদিন আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’। একই সঙ্গে বাংলাদেশের দর্শক, খাবার, শিল্পী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন এই গায়ক। খবর বাংলানিউজের।

সংবাদ সম্মেলনে আতিফ জানান, গত কয়েক বছর কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি। যদিও এই সময়জুড়ে তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর তৈরি করেছেন। তিনি বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের গানের জন্য গাইছিলাম।কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। নতুন অ্যালবাম প্রসঙ্গে আতিফ জানান, ‘সুবাহ আয়ে না’ শিরোনামের এই অ্যালবামে থাকছে আটটি গান। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ গেমসের জমকালো উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘নয়া মানুষ’ দিয়ে নিউইয়র্কে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন!