সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে বাঁশখালী ও হাটহাজারীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুই উপজেলায় পৃথক অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার জলদী মিয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমজিদুর রহমান তন্ময়। অভিযানে দুটি খুচরা বিক্রয়কেন্দ্র ও একটি ডিলার পয়েন্টে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে ডিলার পয়েন্টকে ২০ হাজার টাকা এবং দুটি খুচরা বিক্রয়কেন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তমজিদুর রহমান তন্ময় বলেন, অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অভিযানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে মেসার্স তৈয়ব ব্রাদার্স, মেসার্স ইলিয়াস অ্যান্ড ট্রেডার্স ও শফিউল আলম ব্রাদার্সকে ১০ হাজার টাকা করে এবং মনোয়ারা ট্রেডার্স, মিজানুর রহমান স্টোর ও আবদুল মান্নান স্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ডের অর্থ ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের ভোক্তা পর্যায়ের দাম ২ হাজার ৬০ টাকা। গত ২ নভেম্বর রাত ৮টা থেকে এ দাম কার্যকর হয়েছে।












