বাঁশখালীতে সাবের খুনের মামলায় আসামির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকায় জায়গা জমির বিরোধের জেরে সাবের হোসাইন খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. দেলোয়ার। তিনি পুকুরিয়া ইউনিয়নের খন্দকার পাড়া এলাকার মৃত মোজাহের আহম্মদের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী এমদাদুল হক মিলন দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন বিচারক।

আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৮ মার্চ বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় সাবের হোসাইনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। জায়গা জমির বিরোধের জেরেই মূলত তার উপর হামলা করা হয়। এ ঘটনায় সাবের হোসাইনের স্ত্রী আমিনা খাতুন বাদী হয়ে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল পরবর্তী আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগরে ইঞ্জিন বিকল, ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার
পরবর্তী নিবন্ধহাজিদের এক প্যাকেজে সব সেবা দিতে সৌদি আরবের উদ্যোগ