বাঁশখালীতে পাহাড়ি ঢলে নিখোঁজ মো. নুর সিদ্দিকের (৭৫) লাশ পাওয়া গিয়েছে। নিহত নুর সিদ্দিক বৈলছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার মান্নান ও মুনাফ সওদাগরের পিতা।
পরিবারের সদস্যরা জানান, ৬ দিন আগে বৃষ্টির সময় বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হন নুর সিদ্দিক। এরপর পুলিশকে জানানোর পাশাপাশি পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে নিরাশ হন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সরলের পাইরাং গোদার পাড় এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহটি মো. নুর সিদ্দিকের বলে নিশ্চিত হওয়ার পর পরিবারের সম্মতিতে অপমৃত্যু মামলা দায়েরের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল বিকাল ৩টায় জানাজা শেষে নুর সিদ্দিককে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।












