বাঁশখালীতে জেএসইউএসের ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ ও সনদ বিতরণ

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে সুবিধা বঞ্চিত প্রতিবন্ধী তরুণতরুণীদের নিয়ে গত ৯ সেপ্টেম্বর যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত ৩ দিনব্যাপী ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান সংস্থার গুণাগরীস্থ আরডিটিসিতে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান লিলিয়ান ফন্ডসের অর্থায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে গত ৭ থেকে ৯ সেপ্টেম্বর উপজেলার প্রত্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ২৬ জন প্রতিবন্ধী তরুণতরুণীকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ শেষে জেএসইউসের নির্বাহী পরিচালক ইয়াসমিন পারভীনের সভাপতিত্বে আয়োজিত সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেএসইউএসের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা উপদেষ্টা সাঈদুল আরেফীন। প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অনলাইন ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল আচরণের করণীয় ও বর্জনীয়, অতিরিক্ত ডিজিটাল ডিভাইস ব্যবহারের স্বাস্থ্যঝুঁকি এবং জরুরি সেবার হটলাইন নম্বর ও সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। প্রকল্প সমন্বয়ক মুনেম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইয়াসমীন পারভীন নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সহিংসতার শিকার হলে করণীয়, সহায়তা পাওয়ার বিভিন্ন উপায় এবং প্রতিবন্ধী তরুণতরুণীদের সামাজিক উন্নয়নে ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

উপজেলা পর্যায়ে ডিজিটাল লিটারেসীকে প্রতিবন্ধী তরুণতরুণীদের মনে সাড়া জাগাতে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ডিভাইসের পরিচিতি ও দৈনন্দিন জীবনে এর ব্যবহার, মোবাইল ফোন ও কম্পিউটারের মৌলিক ধারণা, স্মার্টফোন ব্যবহার, ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের ব্যবহার, নিরাপদ ব্রাউজিং, বুকমার্ক এবং অনলাইনে তথ্য অনুসন্ধান বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ও নৈতিক ব্যবহার, অনলাইন অপব্যবহার ও প্রতারণা থেকে সতর্ক থাকার উপায়, অনলাইনে নিরাপদ আর্থিক লেনদেন, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কেও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ‘মিট দ্য ভাইস চ্যান্সেলর’