বরিশাল থেকে নিখোঁজ স্কুলছাত্র ৪ দিন পর কক্সবাজারে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বরিশাল ধেকে নিখোঁজ হওয়া সৌরভ দাস শান (১৩) নামে এক স্কুলছাত্রকে চারদিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৪টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থেকে তাকে উদ্ধার করা হয়।

সৌরভের পরিবার সূত্রে জানা গেছে, গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে মায়ের জন্য খিচুড়ি কিনতে বাসা থেকে বের হয় সৌরভ। এ সময় সে একটি দোকানে গিয়ে বিকাশ থেকে আট হাজার টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। একই রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটি একটি স্কুল মাঠ থেকে উদ্ধার করা হয়। যা এক অপরিচিত ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বরিশালের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঈদগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুনিল বড়ুয়া জানিয়েছেন, রাত ৩টার দিকে ঈদগাঁও এলাকায় ক্লান্ত অবস্থায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় দোকানিদের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসংগতি পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধারকালে সৌরভের পকেটে দূরপাল্লার বাসের দুটি টিকিট এবং মাত্র ১০ টাকা পাওয়া গেছে। বর্তমানে সে শারীরিকভাবে সুস্থ রয়েছে এবং কথা বলতে পারছে।

এসআই সুনিল বড়ুয়া জানান, এক অপরিচিত ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল। এরপর তার আর কিছু মনে নেই বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে। উদ্ধার হওয়া কিশোরকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার।

পূর্ববর্তী নিবন্ধসৌন্দর্যবর্ধনের নামে নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, একজনকে ৩ বছরের কারাদণ্ড