‘বন্ধু’ ভারতকে সরিয়ে কেন পাকিস্তানের হাত ধরছে রাশিয়া

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

পুরোনো মিত্র ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা খাতে স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে সহায়তার বিষয়টিও প্রকাশ্যে জানিয়েছে মস্কো। রাশিয়ার এমন অবস্থান পরিবর্তনে কূটনৈতিক ও সামরিকভাবে চাপে পড়েছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের সমালোচনাও করছেন অভিজ্ঞ কূটনীতিকরা। খবর বাংলানিউজের।

গত ২৫ নভেম্বর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস রাশিয়া–পাকিস্তান সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, আগামী দিনে পাকিস্তানের সঙ্গে কৃত্রিম উপগ্রহভিত্তিক দিকনির্ণয়, যোগাযোগ, পৃথিবী পর্যবেক্ষণ, মহাকাশে নভোচারী পাঠানো এবং জ্যোতির্বিজ্ঞানবিষয়ক প্রযুক্তি ভাগাভাগি করতে পারে রাশিয়া। রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিওভ এ বিষয়ে মস্কোর অবস্থান স্পষ্ট করেছেন। তিনি রাশিয়া–পাকিস্তান বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক আন্তসরকারি কমিশনের সহসভাপতিও। সের্গেই সিভিলিওভের বক্তব্য অনুযায়ী, মহাকাশ গবেষণায় রাশিয়া বিশ্বের অন্যতম প্রধান শক্তি। এ খাতে দেশটির সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই।

তাই পাকিস্তানের সঙ্গে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে মস্কোর আপত্তি নেই। সমপ্রতি মস্কোয় রাশিয়া–পাকিস্তান আন্তসরকারি কমিশনের একাদশ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সের্গেই সিভিলিওভের পাশাপাশি পাকিস্তানের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রী অংশ নেন। বৈঠক শেষে পাকিস্তানের সঙ্গে মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতার পরিকল্পনার কথা জানান রুশ মন্ত্রী। তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

পূর্ববর্তী নিবন্ধপরিবার ফিরিয়ে দিলেও বৃদ্ধাশ্রমে পেলেন নতুন জীবন, বর ৭৫ কনে ৬৩
পরবর্তী নিবন্ধইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে ইউরোপ পশ্চিম এশিয়ায় পারমাণবিক মহাপ্রলয়ের সতর্কবার্তা ট্রাম্পের