চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে শীর্ষ মাদক ব্যবসায়ী মো. সোবহানকে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক। নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে।
রাত ১টার দিকে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলার আসামি থাকার তথ্য উঠে এসেছে। এর আগে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগ এবং তাদের বিদেশি পিস্তল ও গুলি সরবরাহের অভিযোগও ছিল। সে সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল বলে জানা যায়।
স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
তবে হত্যার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকারীদের গ্রেপ্তারে বাকলিয়া থানার একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।
ট্যাগ:
স্লাগ:












