জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইতোমধ্যে পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামী লীগ তার নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। এক্ষেত্রে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিলে সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবে। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা, থানা ও পৌরসভা দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












