ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী পরিণতি ভোগ করতে হবে

দক্ষিণ জেলা জামায়াতের সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জনগণের মতামত ও গণতান্ত্রিক মূল্যবোধকে উপেক্ষা করে সরকার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। গণভোটের রায় বা জনমতের প্রতিফলন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় জনগণের মাঝে হতাশা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের সর্বনাশা পথে হাঁটলে বিএনপিকেও আওয়ামী পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জীবনযাত্রা ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে, অথচ এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধী মত দমনে হামলা, দখল ও সন্ত্রাসী কার্যক্রম শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং শিক্ষাঙ্গনকে সহিংসতামুক্ত রাখার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ ইসমাইল হক্কানী, আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সমপ্রসারণ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধটেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩