ফ্যাসিবাদবিরোধী ঐক্য আছে, আরো সুসংহত করতে চাই : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান। ৩৫ মিনিট ওই বৈঠক চলে।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চার সদস্যের এনসিপি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্‌দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপি নেতৃবৃন্দ। খবর বাসস ও বিডিনিউজের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্রের ব্রিফিং : প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে নতুনভাবে ঐক্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। গতকাল সোমবার বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, এনসিপি আপনাদের (সাংবাদিকদের) সামনে কী বলেছে জানি না। মতবিনিময় সভায় এনসিপির প্রতিনিধিদল উনারা উনাদের বিষয়গুলো তুলে ধরেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেছেন। এখানে ঐক্য নতুনভাবে হওয়ার কিছু নাই।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে, সেই জুলাই–আগস্টেই কিন্তু আমাদের একটা ঐক্য ফুটে উঠেছিল। সে ঐক্যের সময় কেউ চিন্তা করেনি কার রাজনৈতিক আদর্শ কী। আমাদের দেশে–বিদেশে সকল শ্রেণি–পেশার মানুষ এক হয়েছিল। সেই স্বাধীন সার্বভৌম ও তাঁবেদার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তো গণতন্ত্রকামী মানুষের ইতোমধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। আমরা সে ঐক্যটাকে আরো সুসংহত করতে চাই।

এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর খোলামেলা আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের প্রতি অপশক্তি রয়ে গিয়েছে, সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা বাংলাদেশে যেন তৈরি করা না হয়। আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদবিরোধী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ক্ষেত্রে আমাদের মত–পথ আদর্শ ও দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ রয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা দেখেছিলাম, সকল শ্রেণি–পেশা–ধর্মের–বর্ণের, সকল মতের মানুষ এক হয়েছিল। কারণ এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে মানবাধিকার, আইনের অনুশাসন, বাকস্বাধীনতা থাকবে। এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করব। আজকে এখানে যে মতবিনিময় হয়েছে, সেখানে সেই আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ ফুটে উঠেছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সারা দেশে যে অবস্থাগুলো চলছে, সব বিষয় আলোচনায় উঠে এসেছে।

তিনি বলেন, এনসিপি নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কথাবার্তা বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কথাবার্তা বলেছেন। মতবিনিময়সভায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে।

সংস্কারের প্রশ্নে মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান সুস্পষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও সেটা বলেছেন যে, বিএনপি সরকার ‘নোট অফ ডিসেন্টের’ মতো করে যেভাবে নির্বাচনি ম্যানিফেস্টোতে এবং নির্বাচনি পথযাত্রায় জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেটাকে শতভাগ ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই। সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রেকর্ড প্রায় শতাধিক অর্ডিনেন্সকে আইনে রূপান্তর করা হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সেটা অবশ্যই আমরা নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ইনশাল্লাহ বাস্তবায়ন করব।

পূর্ববর্তী নিবন্ধছয় মাস সিসিটির দায়িত্বে এভারেস্ট পোর্ট সার্ভিসেস