বাংলাদেশের নাট্যাঙ্গনের ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে আবারো একটি নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘জামাই মানে যন্ত্র–না’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। নাটকটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সরদার রোকন। এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। মোশাররফ করিমের সঙ্গে এর আগেও নীলা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। সবগুলো নাটকই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। নীলার প্রত্যাশা নাটকটিও দর্শক দারুণভাবে গ্রহণ করবেন। মোশাররফ করিম বলেন, সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে। নীলাঞ্জনা নীলা বলেন, মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে অভিনয় করাটা শুরুর দিকে বেশ ভয়েরই ছিল। দিনের পর দিন তার সঙ্গে কাজ করাটা এখন ভীষণ উপভোগ্য হয়ে উঠছে। তাছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা মানেই হলো অভিনয়ে বহু কিছু জানা এবং শেখা। ‘জামাই মানে যন্ত্র–না’ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। সরদার রোকন জানান, শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।












