ফুচকা খাওয়ানোর কথা বলে শ্যালিকাকে অপহরণ-ধর্ষণ, ভগ্নিপতির যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে শ্যালিকাকে অপহরণ করে ধর্ষণের দায়ে ভগ্নিপতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ফজলুল করিম। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। এসময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

ট্রাইব্যুনালের পিপি মো. আকবর আলী বলেন, ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালতসূত্র জানায়, ২০২২ সালের ৩১ অক্টোবর খাজা রোড এলাকায় ভগ্নিপতি কতৃক ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তখন একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করলে গত বছরের ফেব্রুয়ারিতে চার্জ গঠন করে আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আরো সাত জনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধ‘কঠিন শর্তে’ আপত্তি, পরিবর্তন করে নতুন দরপত্র হচ্ছে