মোস্তাফিজুর রহমানের ফিটনেসের অবস্থা নিজেদের মেডিকেল বিভাগ দিয়ে মূল্যায়ন করার কথা জানিয়েছিল বার্মিংহাম ফিনিক্স। তবে শেষ পর্যন্ত তার সেই মূল্যায়ন হয়ে যাবে দেশেই। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলেই দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলার অনুমতি পাবেন অভিজ্ঞ এই পেসার। মিরপুরে আগামী সোমবার ফিটনেস পরীক্ষা হবে মোস্তাফিজের। সেটির ওপরই নির্ভর করছে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটের এই আসরে তার খেলা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন–চার্জ শাহরিয়ার নাফীস জানান, দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। ‘বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে বার্মিংহাম ফিনিক্সের নিয়মিত যোগাযোগ হচ্ছে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তারা যদিও বলেছিল নিজেরা মূল্যায়ন করবে, এখন সিদ্ধান্ত হয়েছে, দেশেই ফিটনেস পরীক্ষা হবে ওর। বিসিবির মেডিকেল বিভাগ থেকে সবুজ সঙ্কেত পেলে ইংল্যান্ডে যাবে ও।’ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দা হান্ড্রেড–এ খেলার কথা মোস্তাফিজের। টুর্নামেন্ট শুরু হয়ে গেছে মঙ্গলবার। ফিনিঙের প্রথম ম্যাচ শুক্রবার, পরেরটি রোববার। ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলে ৩০ জুলাইয়ের ম্যাচটিতে হয়তো খেলতে পারবেন মোস্তাফিজ।












