প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফাইন্যান্স ডিসিপ্লিনের সহযোগি অধ্যাপক ও কো–অর্ডিনেটর ড. রাজিব দত্ত বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর পিতা প্রিয়তোষ দত্ত এবং মাতা রীনা দত্ত। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী গ্রামে।
তাঁর গবেষণা অভিসন্দর্ভের শিরোনাম ‘ইমপ্যাক্ট অব করপোরেট গভর্ন্যান্স প্র্যাকটিসেস অন দ্য পারফরম্যান্স অব কমার্শিয়াল ব্যাংকস ইন বাংলাদেশ’। তাঁর এ গবেষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. রঞ্জিত কুমার চৌধুরীর তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
গবেষণায় বাংলাদেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যসম্পাদনের ওপর করপোরেট গভর্ন্যান্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন চর্চার প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এ গবেষণা করপোরেট গভর্ন্যান্স ও ব্যাংকিং কার্যসম্পাদন বিষয়ে জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি গবেষণাটি নীতিনির্ধারক, ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট বোর্ড, গবেষক ও শিক্ষাবিদদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে। এর ফলাফল আরও কার্যকর সুশাসন কাঠামো প্রণয়ন, তথ্যভিত্তিক নীতিগত উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশের আর্থিক খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে। ড. রাজিব দত্তের এ অসামান্য একাডেমিক অর্জন উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ সাধনে তাঁর নিষ্ঠা ও অধ্যবসায়ের প্রতিফলন। একই সঙ্গে এ অর্জন প্রিমিয়ার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশ ও একাডেমিক সুনামকে আরও সমৃদ্ধ করবে। প্রেস বিজ্ঞপ্তি।












