ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় ভূমিসেবা সহজিকরণ ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে গণশুনানি আয়োজনের অংশ হিসেবে গত মঙ্গলবার কাটিরহাট ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা ভূমি অফিস কর্তৃক ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা এবং ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত গণশুনানিতে সেবাপ্রার্থীরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে কিছু ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করা হয় এবং কিছু জটিল বিষয়াদি দ্রুত নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন করা হয়। ভূমিসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে গণশুনানি আয়োজন করা হবে।












