রাজনৈতিক চাপের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি নিয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন। নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরীকে।
গত মঙ্গলবার রাতে তাসলিম উদ্দিনের পদত্যাগ পত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। পদত্যাগ পত্রে তাসলিম উদ্দিন জানান, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে এ এফ রহমান হলের প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিক ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি এ দায়িত্ব যথাযথভাবে পালনে অপারগ উল্লেখ করে উক্ত পদ থেকে তাকে অব্যাহতি প্রদানের প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন পদত্যাগ প্রত্রে।
তবে এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ তাসলিম উদ্দিন নানামুখী চাপের কথা তুলে ধরেন। তিনি জানান, হলের কিছু শিক্ষার্থী গিয়ে ভিসির কাছে অভিযোগ করেন যে, প্রভোস্ট নিয়মিত হলে যান না। তবে কারা তার বিরুদ্ধে ভিসির কাছে অভিযোগ করেছে, সেটা তিনি নির্দিষ্ট করে বলতে চান না। তিনি বলেন, আসলে এখানে ছাত্র ও শিক্ষক রাজনীতি দুটোরই প্রভাব আছে বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাকে সরাসরি কোনো কিছু বলা হয়নি, কিন্তু জাতীয় নির্বাচনের পর থেকে আমি নানা ধরনের চাপ অনুভব করছি। কোনো কাজ করতে গেলে সেখানে বাধার সম্মুখীন হচ্ছি। এভাবে আসলে কাজ করাটা কঠিন। তাছাড়া আমার বিভাগেরও অনেক দায়িত্ব রয়েছে। আর অব্যহতিপত্রে আমি অসুস্থতার বিষয়টা উল্লেখ করেছি, আমি আসলে কিছুটা অসুস্থও বটে। আর যখন নানামুখী চাপে থাকবো তখন আরও বেশি অসুস্থ হয়ে যাবো। তাই সবকিছু বিবেচনা করে আমি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, তাসলিম উদ্দিন সাহেব আমাকে জানিয়েছেন, তিনি একজন একাডেমিশিয়ান মানুষ, হল প্রভোস্টের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কথা বলেই তিনি অব্যাহতি নিয়েছেন। রাজনৈতিক চাপের বিষয়ে তিনি আমাকে কিছু বলেননি।
এদিকে, একই দিনে এ এফ রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরীকে। গতকাল এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। নিয়োগের বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন পদত্যাগ করার পর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী। গতকাল বিকেলে নতুন এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী বলেন, সকালে নিয়োগ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি এবং আজকে অফিস করেছি।














