ফটিকছড়িতে পোশাকহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর কলেজ রোডসংলগ্ন নার্সারি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নাসিরকে জানান। ইউপি সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় বৃদ্ধের শরীরে কোনো পোশাক ছিল না। তার মাথায় ছিল লম্বা চুল। তাৎক্ষণিকভাবে তার নাম–পরিচয় জানা যায়নি। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধমাটিরাঙায় বন ও প্রাণের উৎসবে জীববৈচিত্র্য রক্ষার আহ্বান
পরবর্তী নিবন্ধচবি ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন