ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ৫:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরের দিকে মরহুম আবুল বশর মেম্বার বাড়িতে এই বেদনাদায়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ওই বাড়ির বাসিন্দা মোঃ আব্দুল হালিম (ননা মিয়া)-এর কনিষ্ঠ কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে ৫ বছর বয়সী শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোঃ আব্দুল হালিম (ননা মিয়া)-এর ছোট মেয়ের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে পুরো পরিবার এবং স্থানীয় নারায়ণহাট ইউপির শৈলকুপা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফটিকছড়িতে বার বার পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতিকে এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসের বিষফোঁড়া থেকে রাঙ্গুনিয়ার মানুষ মুক্তি পেয়েছে
পরবর্তী নিবন্ধপারকি-সিইপিজেড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান প্যাসিফিক নীট ডিভিশনের