ফটিকছড়ি উপজেলার নানুপুরে ছাত্রদল ও যুবদলের একটি মোটরসাইকেল মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এ সময় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি করেছেন নেতাকর্মীরা। এই ঘটনার জের ধরে পাল্টা হামলায় নিষিদ্ধ এক যুবলীগ নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এই ঘটনা ঘটে।
মিছিলে অংশ নেওয়া আকিবসহ অন্য নেতাকর্মীরা অভিযোগ করেন, বিকালে তারা ৩৫ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে কিপাইতনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের মিছিলে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মিছিলের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং তাদের মারধর করে। এতে ছাত্রদল ও যুবদলের ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হন।
হামলায় আহত মঞ্জু অভিযোগ করেন, মাইকে ঘোষণা দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা চালানো হয়েছে।
হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে অবস্থান নেন। এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা স্থানীয় যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, মাইকে ‘ডাকাত’ বলে ঘোষণা দিয়ে মিছিলে থাকা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে বিএনপির ৫–৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ভুক্তভোগীরা দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ করলেও ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে। হামলার পর উত্তেজিত নেতাকর্মীরা যুবলীগ নেতা রেজাউল করিমের বাড়ির জানালার কাচ ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।












