প্রেম ও অভিমান নিয়ে অপূর্ব-নিহার ‘ভালো আছো তো?’

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২১ পূর্বাহ্ণ

প্রেম, অতীতের ক্ষত, ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদের মনস্তাত্ত্বিক টানাপোড়েন কেন্দ্র করে জাকারিয়া সৌখিন বানিয়েছেন নতুন নাটক ‘ভালো আছো তো?’। শুক্রবার প্রচারে আসছে নাটকটি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। এর আগে প্রকাশ হয়েছে নাটকটির ট্রেইলার।

এতে ফুটে উঠেছে প্রেম, মায়া আর বিচ্ছেদের টানাপোড়েনের এক জটিল ক্যানভাস। প্রেমের পথ ধরে গল্পটি শুরু হলেও শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে এগিয়েছে। খবর বিডিনিউজের।

নাটকটির প্রচারে অপূর্ব ফেসবুকে এক পোস্টার প্রকাশ করে লিখেছেন, সম্পর্ক নষ্ট করলেও সুন্দরভাবে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে নষ্ট করি যে, দেখা হলেও বলতে পারি না– ‘কেমন আছো? ভালো আছো তো?’

নাটকটি নিয়ে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, কিছু ভালোবাসা গল্প হয়ে থেকে যায়। আর কিছু ভালোবাসায় জমে অভিমানী প্রশ্ন। তেমনই এক গল্প দেখা যাবে ভালো আছো তো নাটকে। নির্মাতা জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি পেয়েছে নাটকটি।

এর আগে ‘মন দুয়ারী’ ও ‘মেঘবালিকা’ নাটকে জাকারিয়া সৌখিনের পরিচালনায় কাজ করেছিলেন অপূর্ব ও নিহা।

পূর্ববর্তী নিবন্ধকাজের নেশায় পরিবারকে হারানোর আক্ষেপ, কাঁদলেন আমির খান
পরবর্তী নিবন্ধতিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬