প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী। গতকাল রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, ৭৮ হাজার ৮১০টি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ৬৫ হাজার ৬০৫টি আর বেসরকারি বিদ্যালয় ছিল ১৩ হাজার ২০৫টি। ২০২৫ সালে পঞ্চম শ্রেণিতে পড়া ৬ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করলেও পরীক্ষায় অংশ নেন ৪ লাখ ১৯ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে সরকারি স্কুলের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন এবং বেসরকারি স্কুলের ৭৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ছিলেন। খবর বিডিনিউজের।
সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ মোট ৭৯ হাজার ২৪৬ টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়। অন্যদিকে, সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন; যার মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন। বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)।
পরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করেন।












