প্রশস্ত হবে রাঙামাটির বাঙালিহালিয়া-রাজস্থলী ও রানীরহাট-কাউখালী সড়ক

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণসহ ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৭টি নতুন এবং ৫টি সংশোধিত প্রকল্প রয়েছে। এরমধ্যে চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে প্রকল্পের অধীনে রাঙামাটি জেলার তিনটি উপপ্রকল্প রয়েছে। প্রকল্পের মেয়াদকাল চলতি বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত রাখা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীন ১৬টি উপপ্রকল্প রয়েছে। এরমধ্যে ৩টি উপপ্রকল্প রাঙামাটি জেলায় রয়েছে। জেলার রাজস্থলী উপজেলায় বাঙালিহালিয়ারাজস্থলী সড়কের প্রায় ১৯ কিলোমিটার উন্নীতকরণে ৭৭ কোটি ৪২ লাখ, রানীরহাটকাউখালী সড়কের ৬ কিলোমিটার উন্নীতকরণে ৪১ কোটি ৭৭ লাখ এবং বাঘাইহাটমারিশ্যা সড়ক উন্নীতকরণে ১২১ কোটি ৭৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির জেলার এই তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও মান উন্নীত হলে জেলার সড়ক যোগাযোগ নেটওয়ার্কে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সড়কে যাতায়াতের ক্ষেত্রে ভ্রমণজনিত সময় ব্যয় কমবে। এছাড়া সড়কে সৌন্দর্যবর্ধনের ফলে রাঙামাটি ভ্রমণে আরও আকৃষ্ট হবেন পর্যটকরা।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, চট্টগ্রাম সড়ক জোনের আওতায় জেলা মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে রাঙামাটি জেলার ৩টি সড়ক প্রশস্তকরণ হচ্ছে। রাঙামাটি সড়ক বিভাগের আওতাধীন জেলার বাঙালহালিয়ারাজস্থলী সড়ক ও রানীরহাটকাউখালী সড়ক ১২ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত হচ্ছে। অন্যদিকে, খাগড়াছড়ি সড়ক বিভাগের আওতাধীন বাঘাইহাটমারিশ্যা সড়কটি ১২ থেকে ১৮ ফুটে উন্নীত প্রশস্ত হচ্ছে। তিনি আরও বলেন, সড়কের যথাযথ মান ও প্রশস্তকরণসহ যাবতীয় কাজ সম্পন্ন হলে এই সড়কগুলো টেকসই সড়কে পরিণত হবে। এতে করে রাঙামাটি জেলায় সড়ক উন্নয়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন, নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা হবে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে আরও ৭ মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৭৫৩ রোগী ভর্তি
পরবর্তী নিবন্ধঅবশেষে খাগড়াছড়ি-পানছড়ি ও বাঘাইঘাট-মারিশ্যা সড়ক প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন