দেশের জ্বালানি তেলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রতিদিন গড়ে ১১৩ কোটি টাকার বেশি লোকসান গুনছে। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের চাপে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির আর্থিক পরিস্থিতি ক্রমে নাজুক হচ্ছে। মার্চ থেকে অক্টোবর আট মাসে জ্বালানি তেল আমদানি ও বিক্রিতে বিপিসির লোকসান দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৯৯ কোটি ৭৯ লাখ টাকা। এই বিপুল লোকসানের চাপ সামাল দিতে ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য সরকারের কাছে আরও ৫ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়েছে বিপিসি।
জানা যায়, জ্বালানি তেল আমদানিতে বাড়তি ব্যয় এবং নির্ধারিত দামে বিক্রি করতে গিয়ে প্রতি মাসে গড়ে প্রায় ৩ হাজার ৪৫৯ কোটি টাকা লোকসান হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে ৫ হাজার কোটি টাকার ভর্তুকি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় এবং আমদানিতে শুল্ক–কর কমানোর বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিপিসির এই লোকসানের মূল কারণ ডিজেল। দেশের মোট জ্বালানি তেলের চাহিদার ৬৫ দশমিক ৩০ শতাংশ ডিজেল। পরিবহন, কৃষি, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে এই জ্বালানির ব্যাপক ব্যবহার রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ছে বিপিসির আমদানি ব্যয়ে।
অক্টোবর মাসে প্রতি লিটার ডিজেল আমদানি, শুল্ক–কর ও অন্যান্য খরচসহ কিনতে ব্যয় হয়েছে ১৭৯ টাকা ৩৯ পয়সা। অথচ দেশের বাজারে তা বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। প্রতি লিটার ডিজেল বিক্রিতে সংস্থাটির লোকসান ৪৪ টাকা ৩৯ পয়সা। এই হিসাবে শুধু ডিজেল থেকেই বছরে সম্ভাব্য লোকসানের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ২২ হাজার ১০০ কোটি টাকা।
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উল্লেখ করে সূত্র বলেছে, ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। যুদ্ধের আগে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ৮৬ ডলার। এপ্রিলে তা বেড়ে সর্বোচ্চ ২৮৪ ডলারে পৌঁছায়। সর্বশেষ গত অক্টোবরে প্রতি ব্যারেল ডিজেলের দাম ছিল ১৫৪ ডলার।
এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। ডলারের বিনিময় হার মাত্র এক টাকা বাড়লে প্রতি লিটার ডিজেলের আমদানি ব্যয় বেড়ে যায় ১ টাকা ৪৫ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলেও ডলারের বিনিময় হার বাড়লে বিপিসির আমদানি ব্যয় বেড়ে যায়। আবার ঘুরপথে জ্বালানি পরিবহন করতে গিয়েও বাড়তি ক্ষতির কবলে পড়ছে সংস্থাটি।
তবে সব ধরনের জ্বালানি তেল বিক্রিতে লোকসান হচ্ছে না উল্লেখ করে বিপিসির একজন কর্মকর্তা বলেন, অকটেন ও পেট্রোল বিক্রিতে বর্তমানে মুনাফা থাকলেও ডিজেল ও ফার্নেস অয়েলের লোকসান বিপিসির হিসাবনিকাশ পাল্টে দিচ্ছে। প্রতি লিটার অকটেন কিনতে ব্যয় হচ্ছে ১৫৫ টাকা ২৬ পয়সা, বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়। পেট্রোলের ক্ষেত্রে প্রতি লিটারে ব্যয় ১৫১ টাকা ২৬ পয়সা, বিক্রয়মূল্য ১৬০ টাকা। অন্যদিকে প্রতি লিটার ফার্নেস অয়েল কিনতে ১৪১ টাকা ২৬ পয়সা খরচ হলেও বিক্রি করতে হচ্ছে ১০৮ টাকা ৭৮ পয়সায়।
দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে অন্তত দুই মাসের জ্বালানি তেল আমদানির ব্যয় সমপরিমাণ অর্থ হাতে রাখা প্রয়োজন, যার পরিমাণ ১৫ হাজার থেকে ২০ হাজার কোটি টাকা। কিন্তু বর্তমানে সংস্থাটির চলতি মূলধন রয়েছে মাত্র ৬ হাজার ১২৯ কোটি টাকা। এর বাইরে বিভিন্ন ব্যাংকে ৩২টি এলসির বিপরীতে ৫ হাজার ৫১২ কোটি টাকার ঘাটতি রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল আমদানির ব্যয় নির্বাহে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দ্বিতীয় ইউনিটসহ বিভিন্ন প্রকল্পের হিসাব থেকে ইতোমধ্যে ২১ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বিপিসি। ১ মার্চ সংস্থাটির আর্থিক স্থিতি ছিল ৩৭ হাজার ২৮৭ কোটি টাকা। মাত্র সাড়ে আট মাসের ব্যবধানে ৮ নভেম্বর তা কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫৯ কোটি টাকায়।
এর আগে ২৯ সেপ্টেম্বর আর্থিক ঘাটতি সামাল দিতে অর্থ বিভাগ থেকে বিপিসিকে ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং ধারাবাহিক লোকসানের কারণে সেই অর্থেও সংকট কাটছে না।
বিপিসি সূত্র জানিয়েছে, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সংস্থাটির প্রায় ১ হাজার ৮৮৮ কোটি ৩৯ লাখ টাকা আটকে রয়েছে। এসব অর্থ উদ্ধারে কমিটি গঠন করা হয়েছে। কীভাবে অর্থ আদায় করা যায় তা নিয়ে কমিটি কাজ করছে।
এদিকে লোকসান কমাতে জ্বালানি তেল আমদানিতে শুল্ক–কর কাঠামো পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিপিসি। প্রস্তাবে সাময়িকভাবে জ্বালানি তেলের ভ্যাট পুরোপুরি প্রত্যাহার অথবা প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের পরিবর্তে আগের মতো নির্ধারিত ট্যারিফ মূল্যের ভিত্তিতে শুল্ক–কর নির্ধারণের কথা বলা হয়েছে। বিকল্প হিসেবে ইনভয়েস মূল্যের ওপর শুল্ক–কর কমানোর প্রস্তাবও দেওয়া হয়।
বর্তমানে প্রতি লিটার ডিজেল আমদানিতে শুল্ক–কর বাবদ ব্যয় হচ্ছে ৩৫ টাকা। অথচ আগে ট্যারিফ মূল্যের ভিত্তিতে এই খাতে ব্যয় হতো লিটারপ্রতি ১৬ টাকা ৭৬ পয়সা। ২০২৫ সালের জুন থেকে জ্বালানি তেল আমদানির শুল্কায়ন পদ্ধতিতে পরিবর্তন এনে প্রকৃত আমদানি মূল্য বা ইনভয়েস মূল্যের ভিত্তিতে শুল্ক–কর নির্ধারণ করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমদানি ব্যয়ের পাশাপাশি শুল্ক–করও বেড়ে যাচ্ছে।










