পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের

প্রস্তাব দেওয়ার জন্য মালিকপক্ষ চার কার্যদিবস সময় পেয়েছে

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার এ খাতের নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানানো হয়েছে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, ‘এক নম্বর গ্রেডে আমরা ৪৮ হাজার টাকা এবং দুই নম্বর গ্রেডের জন্য আমরা ৪৩ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য আমরা ৩৮ হাজার টাকা এবং চার নম্বর গ্রেডের জন্য আমরা মজুরি চেয়েছি ৩২ হাজার টাকা। এবং শিক্ষানবিশকাল, একবারে যে নতুন ওয়ার্কার যারা আসবে, আমরা তাদের জন্য ৩০ হাজার টাকা মজুরির দাবি করেছি।’ খবর বিডিনিউজের। পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সোমবার মালিক, শ্রমিক–উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ‘চেয়ারম্যান মহোদয় এবং বোর্ডের সবার সম্মতিক্রমে আমাদেরকে চারদিনের সময় দেওয়া হয়েছে। আমরা আগামী চার কর্মদিবসের ভেতরে আমরা বোর্ডকে আমাদের প্রস্তাবনা পেশ করব।’ এক প্রশ্নের জবাবে বিজিএমইএর এই পরিচালক বলেন, নতুন বেতন কাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, যা শ্রমিকরা পাবেন জানুয়ারির শুরুতে।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেলের মজুদ দেড় গুণ বাড়াতে উদ্যোগ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী