পেকুয়ায় প্যারাবন কেটে তৈরি বেড়িবাঁধ অপসারণ

পেকুয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

পেকুয়ায় প্যারাবন কেটে ও নদীর জায়গা দখল করে মৎস্যঘের নির্মাণের জন্য তৈরি করা বেড়িবাঁধ ভেঙে অপসারণ করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করিমদাদ মিয়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসনের নির্দেশে তাৎক্ষণিকভাবে বাঁধটি অপসারণ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৎস্যঘের নির্মাণের উদ্দেশ্যে প্যারাবন কেটে এবং নদীর জায়গা দখল করে ওই স্থানে মাটির বেড়িবাঁধ তৈরি করা হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামকে বাঁধটি অপসারণের নির্দেশ দেন।

নির্দেশনা পেয়ে ইউপি সদস্য সাইফুল ইসলাম রাতেই ঘটনাস্থলে গিয়ে বাঁধটি ভেঙে দেন। পরে বাঁধের মাটি চরের সঙ্গে সমতল করে দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শফি আলমের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার মর্মে মুচলেকা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে রাতেই বেড়িবাঁধটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা দেন।

পূর্ববর্তী নিবন্ধকাবিননামায় পূর্বের ও বিদ্যমান বিয়ের তথ্য সংযুক্ত করা প্রশ্নে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধপল্লবীতে বস্তায় করে অপহরণের নাটক, চট্টগ্রামে গ্রেপ্তার