পেকুয়ায় আনন্দ মিছিল ও শোকরানা মাহফিল

পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারি

পেকুয়া প্রতিনিধি | বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছে কক্সবাজারের পেকুয়া। পৌরসভা গঠনের প্রজ্ঞাপন জারির খবরে আনন্দের জোয়ার বইছে পুরো পেকুয়ায়। আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে রাজপথে নেমে আসেন নবগঠিত পৌরসভার সর্বস্তরের মানুষ। গতকাল ​মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পেকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের জনসাধারণ, বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ’র নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পেকুয়া চৌমুহনীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পরে অনুষ্ঠিত হয় শোকরানা সভাও। সভায় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ বলেন, পেকুয়াবাসীর দীর্ঘদিনের একটি প্রাণের দাবি আজ পূরণ হলো। এই পৌরসভা ঘোষণার মধ্য দিয়ে অবহেলিত এই জনপদের আধুনিকায়ন, উন্নত নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধি আরও বেগবান হবে।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় আমরা আনন্দিত ও গর্বিত। পেকুয়াবাসীর এই স্বপ্নের বাস্তবায়ন ও আধুনিক পেকুয়া বিনির্মাণের রূপকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং নবগঠিত পেকুয়া পৌরসভার উত্তরোত্তর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পেকুয়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধআল্লাহর প্রিয়জনদের স্মরণ ও অনুসরণেই রয়েছে সরল সঠিক পথের দিশা
পরবর্তী নিবন্ধএকজনের দখলে থাকা ইজারার জমির কিছু অংশ অন্যকে দেওয়ার অভিযোগ