পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। গতকাল শনিবার দুপুর থেকে পৌর শহরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় শুরু হওয়া এ সংঘাত বিকাল পর্যন্ত থেমে থেমে চলে বলে জানিয়েছেন বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার। তিনি বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পরিবেশ শান্ত করতে এরই মধ্যে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপও করেছি। আশা করছি দ্রুত পরিবেশ স্বাভাবিক হবে। খবর বিডিনিউজের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি। ঘটনার সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির স্থানীয় প্রতিনিধি। এ সময় তাকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
পুলিশ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এর কিছুক্ষণ পরই বৃশালিখা এলাকায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা–১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগ করা হয়। পরবর্তীতে উভয় দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
সেই ঘটনার জের ধরে এদিন সকাল থেকে পৌর সদরের স্যানালপাড়া ও বৃশালিখা এলাকায় বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদে সওদাগরপাড়া ও আশপাশের এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরের দিকে স্যানালপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তেই তা বৃশালিখা এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।











