পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমে গেছে। সংঘাতের আগে বহরে থাকা ৩৬টি রাফালের মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে ৩২টি। ব্রিটিশ সামরিকবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’–এর সর্বশেষ হিসাব সামনে আসার পর ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে পাকিস্তানের পুরোনো দাবি আবারও আলোচনায় এসেছে। ভারত অবশ্য সংঘাতে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান করেছে। ফলে রাফালের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নতুন করে দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের প্রসঙ্গ সামনে এনেছে। খবর বাংলানিউজের। ফ্লাইট ইন্টারন্যাশনালের বার্ষিক ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্রিয় যুদ্ধবিমানের হিসাব তুলে ধরা হয়। সর্বশেষ তালিকায় ভারতের বিমানবাহিনীর বহরে ৩২টি রাফাল যুদ্ধবিমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত। এ চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে সমপ্রতি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। রাফাল একটি দুই ইঞ্জিনবিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান। গভীর আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজবিধ্বংসী অভিযানে এটি ব্যবহার করা যায়। আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে এ যুদ্ধবিমানের। ২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়।









