পর্যটন সমৃদ্ধ, পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ১ বছর পূর্তি উপলক্ষে গতকাল নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
‘ইতিহাসে গৌরব, ঐতিহ্যে প্রাণ, মানবিকতায় গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে আয়োজিত এই ব্রিফিং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। জেলা প্রশাসক জানান, বিগত এক বছরে জাতীয় নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে এবং শারদীয় দুর্গাপূজাসহ সকল ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সামাজিক ও মানবিক নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জেলে সম্প্রদায়ের সন্তানদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান এবং তাদের আত্মনির্ভরশীল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচিও ছিল। এছাড়া বন্যায় প্রায় সাড়ে সাত লাখ পানিবন্দি মানুষকে উদ্ধার, ত্রাণ সহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাঁশখালীতে বন্যাদুর্গতদের জন্য ১০০টি গৃহ নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। ডিসি বলেন, পর্যটন ও পরিবেশ রক্ষায় চট্টগ্রামকে আরও আকর্ষণীয় করতে ডিসি পার্ককে নান্দনিকরূপে সাজানো ছাড়াও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাস ও ভূমিদস্যুমুক্ত করা হয়েছে। পরিবেশ রক্ষায় একদিনে ১ লক্ষ বৃক্ষরোপণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ১৮ বছরের কম বয়সি শিক্ষার্থীদের ১০০ গ্রাম ব্যবহৃত প্লাস্টিক জমা দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ চালু করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে চট্টগ্রামে সাড়ে ২৬ লাখের বেশি চারা রোপণ এবং ৫৯টি খাল খনন ও বিভিন্ন ভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের কাজ বাস্তবায়িত হচ্ছে।
জেলা প্রশাসনের অর্জনের বিষয়ে তিনি বলেন, অনলাইনে ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে চট্টগ্রাম দেশে ১ম স্থান অর্জন করেছে এবং জন্ম–মৃত্যু নিবন্ধনে জাতীয় সম্মাননা লাভ করেছে। এছাড়া নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম সর্বোচ্চ রেজিস্ট্রেশন সম্পন্ন করে।
জেলা প্রশাসক জানান, চট্টগ্রামে প্রথমবারের মতো গৃহীত ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে রয়েছে প্রবাসীদের জন্য সাপ্তাহিক অনলাইন গণশুনানি, জেলা কারাগারে দর্শনার্থীদের কথা বলার সুবিধার্থে ‘স্বজন’ (ওয়ান–টু–ওয়ান ইন্টারকম) স্থাপন এবং কেনাকাটায় স্বস্তি দিতে ‘ফেস্টিভ সেল’ কর্মসূচি। সাংস্কৃতিক অঙ্গনে ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন, নববর্ষে দেড় কিলোমিটার দীর্ঘ আলপনা অংকন এবং নজরুল স্কয়ার সংস্কার করে আন্তর্জাতিক মানের মঞ্চ স্থাপনের কাজ চলমান রয়েছে। পাশাপাশি চুয়েটের ভিসিকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার এবং সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা দুর্ঘটনায় নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ নিশ্চিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে।










