লিবিয়া থেকে নৌকায় চেপে গ্রিসে যাওয়ার সময় সমপ্রতি যে ৯ বাংলাদেশি মারা গেছেন, সেই যানটি পথ হারিয়ে দিন দশেক ভূমধ্যসাগরে ভাসছিল। জীবিতদের একজন জানিয়েছেন, ভাসমান থাকার সময় প্রচণ্ড সূর্যের তাপ, খাদ্য ও পানির অভাবে নয় বাংলাদেশি ও এক সুদানিসহ মোট ১০ জন মারা যান। পচন ধরায় একপর্যায়ে তাদের লাশ সাগরে ফেলে দেন জীবিতরা। দিক হারানো নৌকাটি গত ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলে এসে পৌঁছালে ২৯ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। তারা বর্তমানে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে কায়রোতে বাংলাদেশ দূতাবাস। খবর বিডিনিউজের। রোববার দূতাবাসের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি জানতে পেরে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জাকির হোসেন স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের কাছ থেকে দূতাবাস জানতে পেরেছে, তাদের তত্ত্বাবধানে বর্তমানে ওই ২৯ অভিবাসনপ্রত্যাশী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।











