পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাসের ধাক্কা, নিহত ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গায় একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মো. আলমগীর (৫০) নামের বাসের সহকারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১৮ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গার সমুদ্র সৈকতের রিংরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. আলমগীরের বাড়ি নোয়াখালী সদর এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে শারমিন, লুৎফা বেগম, মাহমুদুর নামের কয়েকজন যাত্রীর নাম জানা গেছে। বাকিদের নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আহত যাত্রীদের সবাই পোশাক কারখানার কর্মী। সকালে তারা বাসে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পতেঙ্গা সৈকত এলাকার স্থানীয় ব্যবসায়ী মো. আলমগীর আজাদীকে জানান, সকালে যাত্রীবাহী বাসটিতে গার্মেন্টেসের কর্মীদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। দ্রুতগতির যাত্রীবাহী বাসটি আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে বাস চালকের সহকারী মারা যান।

স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধঅসীম-অপু উকিল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা