পটিয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে দুই সপ্তাহের ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক এমপি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করেন। পটিয়ার ওই বসতবাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় এমপির ভাগনে আজাদ ওই বাড়িতে অবস্থান করতেন। মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরের দল বাড়ির দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটায়। এর আগে মাত্র ১৫ দিন আগেও একই ঘরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুইবার একই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চোরের দল ঘরে ঢুকে পুরো ঘর তছনছ করে ফেলে। চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সরঞ্জাম ও জামাকাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা পুরোনো অনেক স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সাবেক এমপির বসতঘরে চুরির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।












