পটিয়ায় ‘জামাই ফারুক’ নামে পরিচিত এক কুখ্যাত গরু চোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি হোটেলের সামনে থেকে মো. ফারুক ওরফে জামাই ফারুককে (৫০) গ্রেপ্তার করা হয়। তিনি আনোয়ারা উপজেলার চাতুরী ইউনিয়নের মৃত আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল মৌলভীবাজার এলাকার এক ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটে। ওই মামলার তদন্ত করতে গিয়ে ফারুকের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে এসআই জুয়েল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে পৃথক অভিযানে গত বুধবার রাতে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আরিফুল ইসলাম তুহিন (২৯) ও মো. ইমন (৩০)। এছাড়া একই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কানু বিশ্বাস (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, কুখ্যাত গরু চোর ফারুকসহ চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।












