পটিয়ায় কলা চুরি সন্দেহে বাগবিতণ্ডায় যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির ঘটনা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ তোহা প্রকাশ তোহা মুন্সি (৪৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজী পাড়ায় এ ঘটনা ঘটে। ​নিহত তোহা পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র।

ঘটনার পর খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আনোয়ারকে (২৯) গ্রেপ্তার করেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে মো. আনোয়ার নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তোহা মুন্সি। এ সময় তিনি আনোয়ারের কাছে জানতে চান—তাঁর গাছের কলা কে চুরি করেছে? এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আনোয়ার এবং কেন তাঁকে চুরি নিয়ে জিজ্ঞাসা করা হলো, তা নিয়ে তোহার সঙ্গে তাঁর তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

​একপর্যায়ে আনোয়ারের সঙ্গে পরিবারের বাবুল, এহাজার মিয়া ও সাদ্দামসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে তোহা মুন্সির ওপর চড়াও হয়। তারা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব জানান, খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

​তিনি আরও জানান, এ বিষয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে
পরবর্তী নিবন্ধচার তলার বেলকনি থেকে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু