নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে তিন যুবলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২ মে, ২০২৬ at ১:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সাংগঠনিক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে গ্রেফতার হলেন নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতা। গ্রেফতারকৃতরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।

গতকাল শুক্রবার ভোর ৪ টায় রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে রামগড় থানার পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা রামগড় থানার দুইটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। মামলা দুটির মধ্যে একটি ২০২৩ সালের ও অপরটি ২০২৪ সালের।

জানা যায়, বল্টুরামটিলা এলাকায় জনৈক যুবলীগের নেতার মেয়ের বিয়ের দাওয়াতে আসেন ওই তিন নেতা। শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠান ছিল। বৃহষ্পতিবার রাতে তারা কনের গায়ে হলুদের অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান শেষে তারা নিজ-নিজ বাসায় গিয়ে রাত্রিযাপন করেন। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর বেলায় অভিযান চালিয়ে ওই তিন নেতাকে গ্রেফতার করে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘গ্রেফতারকৃত তিন যুবলীগ নেতার নামে দুটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদেরকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধমে দিবসের সমাবেশে কাজ, মজুরি ও মর্যাদা নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ৬ বছরের কন্যাশিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক