নির্বাচনের ছুটিতেও খোলা থাকবে চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টম হাউস খোলা থাকছে। জরুরি আমদানিরপ্তানি কার্যক্রমে যেন বিঘ্ন না ঘটে সে কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। গত সোমবার চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার হাবীবুর রহমান স্বাক্ষরিত এক অফিসে আদেশে বলা হয়েছে, আজ বুধবার ও আগামীকাল নির্বাচনের দিন বৃহস্পতিবার জরুরি সেবা নির্বিঘ্ন রাখার জন্য কাস্টম হাউস খোলা হয়েছে। আদেশে নয়জন সহকারী কমিশনার এবং বিভিন্ন সেকশনের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা বলছেন, আমদানিরপ্তানি নথির অ্যাসেসমেন্ট, পণ্য চালান খালাসসহ কাস্টমস সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন সেবাগ্রহীতারা। তবে চট্টগ্রাম কাস্টমসের সেবাগ্রহীতারা বলছেন, চট্টগ্রাম কাস্টমস খোলা কাস্টমস রাখা সিদ্ধান্ত এক প্রকার ফরমায়েসি সিদ্ধান্ত। এতে সেবাগ্রহীতাদের কোনো উপকার হবে না। কারণ ইতোমধ্যে রাস্তায় গণপরিবহন কমে গেছে। ছুটির কারণে অধিকাংশ সিএন্ডএফ কর্মী গ্রামের বাড়িতে চলে গেছে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন দৈনিক আজাদীকে বলেন, কাস্টম হাউস খোলা রাখার বিষয়টি আমরা সংশ্লিষ্ট সকল সেবাগ্রহীতাদের আগে থেকেই জানিয়ে রেখেছি। আমার দিক থেকে আমরা আমদানিরপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সচেষ্ট রয়েছি।

পূর্ববর্তী নিবন্ধরমজানে ব্যাংকিং সময়সূচি নির্ধারণ
পরবর্তী নিবন্ধ২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা