নিজের মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের জন্য তিন বিষয়ের পরীক্ষা আবার হবে

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

যে বক্তব্যের জেরে শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে, সেই বক্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মন্তব্য, সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। খবর বিডিনিউজের।

এছাড়া টানা বৃষ্টির কারণে পরীক্ষা দিতে সমস্যায় পড়া শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচএসসির পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেছেন, বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে, ওই বিষয়গুলোর নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সময়ই সারা দেশের ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে।

টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন স্থানে বন্যার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না পেছানোয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গতকাল জাতীয় সংসদে মন্ত্রীর ঘোষণা এলো। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টির মধ্যে সোমবার পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা হয়। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে ঢাকাসহ বিভিন্ন জেলায় পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল পাওয়া গেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে প্রশ্নপত্র তৈরি ও মডারেশনের কাজ শেষ হওয়ায় নতুন করে প্রশ্ন তৈরির সুযোগ ছিল না। আগের সরকারের সময়ে দায়িত্বপ্রাপ্ত মডারেটররাই ওই প্রশ্নপত্র তৈরি করেছিলেন। ভুল শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে
পরবর্তী নিবন্ধঢাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ