নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর বাবার খোঁজ পেয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিকে তার সন্ধান পায় পরিবার। ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সুখবরটি জানান অভিনেত্রী নিজেই। বাবাকে খুঁজে পেতে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে মেঘলা লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
বাবার সন্ধান পাওয়ার বিষয়ে মেঘলা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার ছবি দেখে এক ব্যক্তি তাকে শনাক্ত করেন। পরে পরিবারকে ফোন করে বিষয়টি জানান তিনি। পাশাপাশি এসআরবির তৎপরতায় বাবার মুঠোফোন নম্বর ট্র্যাক করেও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। দীর্ঘ ৯–১০ ঘণ্টার অভিযানের পর তাকে ফিরে পান পরিবারের সদস্যরা।










