নিউ মেক্সিকোর নাম বদলে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের

| মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের নাম নিউ আমেরিকা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি ইচ্ছার কথা জানান। খবর বিডিনিউজের।

আল এরাবিয়া নিউজ লিখেছে, প্রতিবেশী কানাডার সঙ্গে বাণিজ্য সংঘাতের মধ্যে লেক অন্টারিওর নাম বদলে লেক আমেরিকা করার আদেশে সই করার কয়েক দিন পরই ট্রাম্পের এই নতুন প্রস্তাব এল। তবে অঙ্গরাজ্যটির গভর্নর শুরুতেই তার এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, অনেকে নিউ মেক্সিকোর নাম বদলে নিউ আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন।

সম্ভাবনাময় ওই রাজ্যের মানুষের জন্য এটি অনেক বেশি মর্যাদাপূর্ণ ও সুন্দর হবে। দারুণ, বিষয়টি আমার ভীষণ পছন্দ হয়েছে! ট্রাম্পের বার্তার পরপরই হোয়াইট হাউজ একটি ছবি রিপোস্ট করে, যেখানে নিউ মেক্সিকো শব্দটির মেক্সিকো অংশ কেটে দিয়ে আমেরিকা লেখা দেখা যায়। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ইন্টারনেটে চলা একটি ভুয়া পোস্ট বা ইন্টারনেট ট্রোল থেকেই মূলত এই ধারণার উৎপত্তি। তবে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যটির গভর্নর মিশেল লুহান গ্রিশাম বলেন, নাম পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনারই সুযোগ নেই, যুক্তরাষ্ট্র গঠিত হওয়ার আগে থেকেই এটি আমাদের নাম।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তার জন্য কেবল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করা যাবে না : কাতার
পরবর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, ফ্লাইট বাতিলে আটকে ২,৭০,০০০ যাত্রী