নাফ নদী থেকে চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:০৬ পূর্বাহ্ণ

টেকনাফের নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এ সময় ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও নিয়ে যায় তারা। গতকাল সোমবার বিকাল পাঁচটার দিকে এ তথ্য জানান নৌকা দুটির মালিক আবছার ও নুরুল হাকিম।

তারা জানান, গতকাল সকাল ছয়টার দিকে দুইটি নৌকাসহ ওই চারজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। বেলা ১২টার দিকে নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ৪ জেলেকে ধরে নিয়ে যায়।ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০) ও মো. জামাল হোসেন (৪০)। তারা সবাই টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় জেলেদের বরাতে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমারের জলসীমায় মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের জিম্মি করে। পরে ২টি মাছ ধরার নৌকাসহ জেলেদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়। সীমান্ত এলাকায় এমন ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধছড়াবিষয়ক কর্মশালা ও চিরনতুন ছড়ার চর্চা
পরবর্তী নিবন্ধটেকনাফ সীমান্তে মিয়ানমারে ব্যাপক গোলাগুলি