নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা

বহদ্দারহাট বাস টার্মিনালে পরিচ্ছন্নতা কর্মসূচিতে জেলা প্রশাসক

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণি বিতান নির্মাণ নয়, নান্দনিকতা মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। গতকাল শনিবার সকালে নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে এবং যাত্রীবান্ধব পরিবেশে নিশ্চিতের লক্ষ্যে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চসিক, সিডিএ ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সহযোগিতায় জেলা প্রশাসন কর্মসূচির আয়োজন করেন। শুরুতে বাস টার্মিনাল এলাকায় ঝাড়ু ও বেলছা দিয়ে ময়লা পরিস্কার ও নালায় ফগার মেশিন দিয়ে ডেঙ্গু মশা নিধন ওষুধ ছিটিয়ে পরিস্কার–পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এর পর নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে বাস টার্মিনাল এলাকা থেকে ‘পরিচ্ছন্ন করি নগর–গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাস টার্মিনাল এলাকা প্রদক্ষিণ করে। নগরীর চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল–আমিন হোসাইনের সঞ্চালনায় কর্মসূচিতে চট্টগ্রাম–কক্সবাজার–টেকনাফ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও চট্টগ্রাম আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুছা বক্তব্য দেন। জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম–কঙবাজার–টেকনাফ বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে চট্টগ্রাম–কঙবাজার–টেকনাফ বাস–মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন টার্মিনালের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিচারকের সংখ্যা বৃদ্ধি ও হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের দাবি
পরবর্তী নিবন্ধখালিদ আহসান গুণী শিল্পী, বেঁচে থাকবেন রেখায় ও লেখায়